বগুড়ার ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, উত্তীর্ণ হননি ৫৪ পরীক্ষার্থীর কেউ | Daily Chandni Bazar বগুড়ার ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, উত্তীর্ণ হননি ৫৪ পরীক্ষার্থীর কেউ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৬ ০০:৫৩
বগুড়ার ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, উত্তীর্ণ হননি ৫৪ পরীক্ষার্থীর কেউ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, উত্তীর্ণ হননি ৫৪ পরীক্ষার্থীর কেউ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি একজনও। সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাবতলী উপজেলার দুটি, ধুনট উপজেলার একটি এবং কাহালু উপজেলার দুটি প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে অংশ নেওয়া তিনজনই অকৃতকার্য হয়েছেন। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষায় অংশ নিলেও তাঁদের কেউ উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তিনিও পাস করতে পারেননি।

ফলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৪ জন পরীক্ষার্থীর কেউই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।