নোয়াখালীর কূপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট পাওয়ার সম্ভাবনা | Daily Chandni Bazar নোয়াখালীর কূপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট পাওয়ার সম্ভাবনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৬ ০১:১৬
নোয়াখালীর কূপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট পাওয়ার সম্ভাবনা
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর কূপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট পাওয়ার সম্ভাবনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শেষে গ্যাসের প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে পরে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।

রকিবুল হাসান আরও জানান, প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ডিএসটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই গ্যাসের পরিমাণ ও উৎপাদন সক্ষমতা নিশ্চিত হওয়া যাবে।