প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৬ ১২:০৪
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনী’র প্রধান গ্রেপ্তার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
সুন্দরবনের ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জোনাব আলীর বিরুদ্ধে সুন্দরবনে জেলে ও বাওয়ালীদের নির্যাতন এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।