পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি | Daily Chandni Bazar পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৬ ১২:১২
পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি
নিজস্ব প্রতিবেদক

পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি

নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে সজীব হোসেন (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহিদুল ইসলাম বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। অভিযুক্ত সজীব হোসেন একই গ্রামের ছায়িম হোসেনের ছেলে। তিনি মুঠোফোন ব্যবসায়ী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সজীব হোসেন এয়ারগান দিয়ে গ্রামের বিভিন্ন পুকুর থেকে পানকৌড়ি শিকার করেন। শুক্রবার সকালে একটি পুকুর থেকে চারটি পানকৌড়ি শিকারের পর অন্য একটি পুকুরে গেলে শহিদুল তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব ক্ষুব্ধ হয়ে শহিদুলকে লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সজীব পালিয়ে যান।

পরে স্বজনেরা শহিদুলকে উদ্ধার করে প্রথমে নাটোর শহরের জনসেবা হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

শহিদুল ইসলাম জানান, সজীবকে পাখি শিকার করতে দেখে তিনি নিষেধ করেছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সজীব তাঁর পেটে গুলি করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, শহিদুলের বুক ও পেটের মাঝামাঝি স্থানে একটি ক্ষত পাওয়া গেছে। এক্স-রে পরীক্ষায় সেখানে কোনো পিলেট বা ছররা গুলি দেখা যায়নি। তবে এয়ারগান দিয়ে গুলি করার তথ্য পাওয়ায় বিষয়টি নিশ্চিত হতে আবার এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা করা হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। এয়ারগান দিয়ে গুলি করা হয়েছে এবং একটি গুলি শহিদুলের শরীরে লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসার কাজে স্বজনেরা ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহিদুলের ভাতিজা ফরিদ উদ্দিন জানান, তাঁর চাচার ডান পাঁজরের ভেতরে একটি গুলি রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সেটি অপসারণে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিযুক্ত সজীব হোসেন পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।