“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে অতিথিরা সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল এবং জেলা সমবায় কর্মকর্তা সাজরাতুল আলম তৌহিদ প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বগুড়া জেলার সমবায় অঙ্গনে অনন্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টিএমএসএস এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-কে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।