সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাণ দিলেন গৃহবধূ | Daily Chandni Bazar সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাণ দিলেন গৃহবধূ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯
সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাণ দিলেন গৃহবধূ
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ

সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাণ দিলেন গৃহবধূ

নাটোরের সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার গৃহবধূ খাদিজাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
 
অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।