সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বদলে যেতে পারে নগর পরিকল্পনা | Daily Chandni Bazar সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বদলে যেতে পারে নগর পরিকল্পনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৬ ০০:২২
সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বদলে যেতে পারে নগর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক

সংসদে উঠছে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বদলে যেতে পারে নগর পরিকল্পনা

বগুড়া শহর ও আশপাশের এলাকাকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংসদে উঠছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’। আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপনের কথা রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে তিনি বিলটি সংসদে উত্থাপন করবেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হবে।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৪তম বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অনুমোদিত খসড়া আইনে বগুড়া অঞ্চলে অপরিকল্পিত নগরায়ণ রোধ, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা এবং পর্যটন ও তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খসড়া আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও এর আশপাশের এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে। একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে কর্তৃপক্ষটি পরিচালিত হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত সীমানার মধ্যে কোনো ভবন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প পরিচালনা করা যাবে না। পাশাপাশি জলাশয়, নদী-নালা ও উন্মুক্ত স্থান সংরক্ষণে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। অনুমোদনহীন নির্মাণ ও জলাধার ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে।

আধুনিক ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে খসড়া আইনে ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট ও ল্যান্ড রিডেভেলপমেন্ট পদ্ধতি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সংসদে বিলটি উত্থাপনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অনুমোদন পেলেই দ্রুততম সময়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।