বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমানের মালিকানাধীন একটি জলাশয় থেকে প্রায় ২০ মণ মাছ লুটের অভিযোগ উঠেছে। এ সময় জলাশয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং রশি দিয়ে বেঁধে রাখার অভিযোগও পাওয়া গেছে।
শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার ওই জলাশয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নৈশপ্রহরী আয়নাল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত জলাশয়ে গিয়ে নৈশপ্রহরী আয়নাল হককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে মারধর করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর ট্রাকে করে জলাশয় থেকে মাছ ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর দাবি, লুট হওয়া মাছের পরিমাণ আনুমানিক ২০ মণ। এসব মাছের বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়।
আয়নাল হক জানান, ঘটনার পরপরই মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে জানানোর চেষ্টা করেন। তবে তা সম্ভব না হওয়ায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে শেরপুর থানা পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসাইন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।