প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬ ০০:৩৪
রংপুরের মেয়ে ফারজানা ইয়াছমিন মেধাকে সংবর্ধনা, জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ
জালাল উদ্দীন, রংপুর প্রতিনিধি :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের সদস্য হওয়ার গৌরব অর্জনের পর জাতীয় মহিলা ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন রংপুরের মেয়ে ফারজানা ইয়াছমিন মেধা। তাঁর এ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত মুলাটোলবাসী। কৃতী এই নারী ক্রিকেটারকে প্রাণঢালা অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার বিকেল ৪টায় নগরীর মুলাটোল আমতলা মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফারজানা ইয়াছমিন মেধাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান মুলাটোলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল্লাহ সরকার, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাবেদ হোসেন জুয়েল, বিশিষ্ট সমাজসেবক মো. হাবলু মিয়া, মো. দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত ডিএসবি কর্মকর্তা আজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, মেধার এই অর্জন শুধু মুলাটোল নয়, পুরো রংপুরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য আগামী প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্রিকেটে আরও সাফল্য কামনা করেন তাঁরা।