বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পেও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে বিআরটিএর পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ১৮৪ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিআরটিসি বগুড়া ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম ও সংশ্লিষ্ট ইনচার্জের বিরুদ্ধে।
এই প্রতিবেদকের হাতে আসা একাধিক প্রশিক্ষণার্থীর কল রেকর্ড পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে টাকা সংগ্রহের বিষয়টি উঠে এসেছে। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহের কথা স্বীকার করেছেন ওই কোর্সের প্রশিক্ষণার্থী জামিল হোসেন। তাঁর দাবি, প্রশিক্ষণ গ্রহণ কারি কর্মকর্তাদের নির্দেশেই তিনি প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা তুলে ইনচার্জ নুরুল ইসলাম জুয়েলের হাতে দিয়েছেন।
বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে সারাদেশে সহ বগুড়ায় বিআরটিসির মাধ্যমে চার মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে এ প্রকল্পে ২০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের আওতায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে চার মাসের প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপযোগী করে গড়ে তোলার কথা।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, ৮০টি ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করলে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ২৫০ টাকা হারে মোট ২০ হাজার টাকা প্রনোদনা (ভাতা) দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ প্রশিক্ষণার্থীরা যেখানে সরকারি ও উন্নয়ন সহযোগীর অর্থায়নে প্রশিক্ষণ ও ভাতা পাওয়ার কথা, সেখানে লাইসেন্স পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে উল্টো তাঁদের কাছ থেকেই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বিআরটিসি বগুড়া ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামের নির্দেশে প্রশিক্ষণার্থী জামিল হোসেন ১৮৪ জনের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা সংগ্রহ করেন। বিআরটিএর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে এই অর্থ নেওয়া হয় বলে প্রশিক্ষণার্থীদের অভিযোগ।
এ বিষয়ে একাধিক প্রশিক্ষণার্থী এই প্রতিবেদককে জানান, চার মাসের প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএতে পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে।
টাকা সংগ্রহের বিষয়টি স্বীকার করে জামিল হোসেন বলেন, "চার মাসের প্রশিক্ষণ শেষে বিআরটিএতে পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হবে। সেই ডিসিটিবি পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমি নিজেই সবার কাছ থেকে টাকা তুলে ইনচার্জ জুয়েল স্যারের হাতে দিয়েছি।"
তিনি আরও বলেন, "প্রশিক্ষণার্থীরা যাতে ডিসিটিবি পরীক্ষায় অকৃতকার্য না হয়, সে জন্য ১৮৪ জনের কাছ থেকে মোট ১ লাখ ৮৪ হাজার টাকা সংগ্রহ করে জুয়েল স্যারের কাছে দিয়েছি। জুয়েল স্যার ওই টাকা ম্যানেজার শাহিনুল ইসলাম স্যার এর মাধ্যমে বিআরটিএতে পৌঁছে দেওয়ার কথা ছিল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিআরটিসি বগুড়া ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম। তিনি বলেন, " বিআরএসপি প্রশিক্ষণ কোর্স বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার নিয়ম নেই। ১৮৪ জনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। ইনচার্জ নুরুল ইসলাম জুয়েল প্রশিক্ষণের বিষয়টি দেখাশোনা করেন। তিনি ১ লাখ ৮৪ হাজার টাকা কী কারণে নিয়েছেন, ড্রাইভিং পরীক্ষায় পাস করানোর জন্য, নাকি পিকনিকের জন্য সেটা তিনিই বলতে পারবেন।
অন্যদিকে, টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করে ইনচার্জ নুরুল ইসলাম জুয়েল বলেন, "আমি এখানে অধিনস্ত হিসেবে কাজ করি আমার একার কিছু করার থাকেনা, আমি তদারকি করি দেখাশোনা করি কিন্তু কোনো টাকা নিইনি।
বিআরএসপি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের নিকট ডিসিটিবি পরিক্ষায় পাশ করিয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণের কোনো সুযোগ আছে কি? এমন প্রশ্নের জবাবে বগুড়া জেলা প্রশাসক 'তৌফিকুর রহমান' বলেন, "এই প্রকল্পে অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই, এবিষয়ে আমার কাছে কোনো অভিযোগ ও নেই, কেউ যদি উক্ত বিষয়ে অভিযোগ দেয়, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিআরএসপি প্রকল্পের পরিচালক 'শাব্বির হাসান খান' এর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "প্রশিক্ষনার্থীদের নিকট হতে অর্থ গ্রহণের কোনই সুযোগ নেই, উল্টো এ প্রকল্পে প্রশিক্ষনার্থীদেরকে ভাতা প্রদান করা হবে"। তিনি আরো বলেন, "এরকম সচ্ছ একটি প্রকল্পে যদি কেউ অনৈতিকভাবে অর্থ গ্রহণ করে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট বিআরটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং এ বিষয়ে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে যা করার প্রয়োজন সেটা করা হবে।
এবিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান 'মীর আহমেদ তরিকুল ওমর' এই প্রতিবেদককে বলেন, " বিআরএসপি প্রকল্পে কোন প্রকার অর্থ গ্রহণের কোন সুযোগ নেই, অর্থ আদায়ের বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখানেই শেষ নয়, বিআরটিসির দুর্নীতির কোচো খুঁড়তে বেরিয়ে এসেছে সাপ, শুধু বিনামূল্যের প্রশিক্ষণ প্রকল্পে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে ১ লাখ ৮৪ হাজার টাকা আদায়ের অভিযোগ শুধু নয়, এর বাইরেও বিআরটিসি বগুড়া ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, জালিয়াতি এবং অফিস সংস্কারের নামে অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ ও তথ্য উঠে এসেছে এই প্রতিবেদকের অনুসন্ধানে, এবিষয়ে চলমান অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার পাতায়।