বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৪০
বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মুরগির শেডে মিলল ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল, মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার ফুলবাড়ী এলাকায় একটি বাড়ির ছাদে অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক ও মামলার অপর এক আসামি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. কুলসুম বেগম (৩৮) ও তাঁর ছেলে মো. আব্দুল কাইয়ুম লাম (১৯)। তাঁরা বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার পলাতক আসামি মো. লিটনের (৪২) বাড়িতে অভিযান চালায়।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস জানান, অভিযানের সময় বাড়ির ছাদে থাকা অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে কুলসুম বেগমের হেফাজতে থাকা ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এসব ট্যাবলেট জব্দ করে কুলসুম বেগম ও তাঁর ছেলে আব্দুল কাইয়ুম লামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুলসুম বেগম ফুলবাড়ী মধ্যপাড়ার মো. লিটন শেখের স্ত্রী এবং আব্দুল কাইয়ুম লাম তাঁর ছেলে। অভিযানের সময় বাড়ির মালিক ও পলাতক আসামি লিটনকে পাওয়া যায়নি। তিনি মৃত আফছার আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।