সাংবাদিকদের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগে সান্তাহার প্রেস ক্লাবে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা | Daily Chandni Bazar সাংবাদিকদের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগে সান্তাহার প্রেস ক্লাবে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৫
সাংবাদিকদের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগে সান্তাহার প্রেস ক্লাবে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা
আদমদীঘি, বগুড়া সংবাদদাতাঃ

সাংবাদিকদের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগে সান্তাহার প্রেস ক্লাবে তালা দিলেন বিএনপি নেতাকর্মীরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবকে ‘আওয়ামী লীগের দোসরমুক্ত’ করার দাবিতে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিককে উদ্দেশ করে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেস ক্লাব কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেন।

সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ অভিযোগ করেন, প্রেস ক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী লীগের দোসর। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে দলীয় পরিচয় ব্যবহার করে নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হলে তা গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় শুধু প্রেস ক্লাবে তালা দেওয়াই শেষ নয়, আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি খায়রুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, বুধবার প্রেস ক্লাবের কথিত বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবেন বলে তিনি শুনেছেন। তবে তিনিও প্রেস ক্লাবটি আওয়ামী লীগের দোসরমুক্ত থাকুক বলে মত দেন।