বগুড়ায় নবান্ন ঘিরে শত বছরের মাছের মেলা, বেচাকেনা প্রায় ২ কোটি টাকা | Daily Chandni Bazar বগুড়ায় নবান্ন ঘিরে শত বছরের মাছের মেলা, বেচাকেনা প্রায় ২ কোটি টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫৯
বগুড়ায় নবান্ন ঘিরে শত বছরের মাছের মেলা, বেচাকেনা প্রায় ২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নবান্ন ঘিরে শত বছরের মাছের মেলা, বেচাকেনা প্রায় ২ কোটি টাকা

নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী হাটে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) বসা এ মেলায় দেড় হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে। এসব মাছের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন আয়োজকেরা।

মেলায় এক কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের রুই, কাতলা, বিগহেড, গ্লাসকার্প ও সিলভারকার্পসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ নিয়ে বসেন ব্যবসায়ীরা। বিশালাকৃতির রুই, কাতলা ও বিগহেড মাছ প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। মাঝারি আকারের মাছের দাম ছিল কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া ছোট আকারের বিগহেড ও সিলভারকার্প বিক্রি হয়েছে ২০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।

শত বছরের প্রাচীন এ মাছের মেলাকে ঘিরে আশপাশের ২২টি গ্রাম পরিণত হয় স্বজনদের মিলনমেলায়। নবান্ন উৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়। ফলে মেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর উথলী হাটে এ মেলার আয়োজন করা হয়। উথলী ছাড়াও রথবাড়ি, নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, শিবগঞ্জ, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদেনীপাড়া, বাকশন, রহবল, গণেশপুর, শংকরপুর, ভাগকোলা ও মোকামতলাসহ আশপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আয়োজন।

মেলায় মাছের পাশাপাশি নতুন ওঠা শাকসবজি ও কৃষিপণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। নতুন আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩০০ টাকা দরে। মিষ্টি আলু ও কেশর ফল বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে। এ ছাড়া নতুন শিমসহ বিভিন্ন ধরনের মৌসুমি সবজিও ছিল মেলায়।

বগুড়ার মোকামতলা এলাকার ব্যবসায়ী এনামুল হক মাছ বিক্রি করতে এসেছেন এ মেলায়। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার মাছের দাম কিছুটা বেশি হলেও বেচাকেনা আশানুরূপ হয়েছে। প্রতিবছরই তিনি এ মেলায় মাছ বিক্রি করেন। এবার ২৫ মণ মাছ এনেছেন। এর মধ্যে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম চেয়েছেন কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে মাছটির দাম দাঁড়ায় ২৭ হাজার টাকা। তবে বিকেল পর্যন্ত মাছটি বিক্রি করতে পারেননি তিনি।

শিবগঞ্জ উপজেলার ধামাহার গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল বাসেদ বলেন, গত বছরের তুলনায় এবার মেলায় ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও মাছের আমদানি বেশি। উঠেছে বড় বড় মাছও। তিনি রুই, কাতলা ও বিগহেড মিলিয়ে ১৬ মণ মাছ এনেছেন। এর মধ্যে ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছের দাম চেয়েছেন কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা। সে হিসাবে মাছটির দাম ১৯ হাজার ২০০ টাকা। দুপুর পর্যন্ত মাছটির দাম উঠেছে ১২ হাজার টাকা। প্রায় ১২-১৩ বছর ধরে তিনি এ মেলায় মাছ বিক্রি করছেন।

উথলী গ্রামের বাসিন্দা ও শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা মাছের জন্য বিখ্যাত হলেও নতুন শাকসবজির সমাহারও এর অন্যতম আকর্ষণ। মেলায় মাছ ও সবজির পাশাপাশি নাগরদোলা, শিশু-কিশোরদের খেলনার দোকান, মিষ্টান্ন ও দইয়ের দোকান বসে। ফলে মেলাটি সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়।

উথলী হাটের ইজারাদার ফরমার আলী বলেন, এবার মেলায় দেড় হাজার মণের বেশি মাছ কেনাবেচা হয়েছে। এসব মাছের আর্থিক মূল্য প্রায় দুই কোটি টাকা হতে পারে। মেলার পরিচিতি এখন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আশপাশের ২০ গ্রামের মানুষ ছাড়াও বগুড়া ও জয়পুরহাট শহর থেকে অনেকে মাছ কিনতে আসেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, নবান্নের এ মেলা এলাকার বিশেষ ঐতিহ্য। গ্রামে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।