বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ ঘটনায় তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা গেছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে গেলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের একাংশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।