ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং কনটেস্ট-২০২৬-এ বাংলাদেশের হয়ে দুটি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে রংপুরের দুই শিক্ষার্থী তাসকিয়া তাসনিম বারিশা ও মোবাশ্বিরা জাহান মূনিরা। তাদের এ সাফল্যে গর্বিত রংপুরবাসী।
ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত এ প্রতিযোগিতায় চাইল্ড ম্যানুস্ক্রিপ্ট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া তাসনিম বারিশা। তার বাবা এ এইচ এম কামরুজ্জামান এবং মা তানজিনা ইসলাম মিতু।
অন্যদিকে, প্যাটার্ন ম্যানুস্ক্রিপ্ট বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বিরা জাহান মূনিরা। তার বাবা মো. মাসুমুল হক এবং মা আয়েশা খাতুন।
এ দুই শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে রংপুরের সুজন একাডেমি অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা। ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি শিশুদের সুন্দর হাতের লেখা শেখানো ও দক্ষতা বিকাশে সুনামের সঙ্গে কাজ করে আসছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. রিয়াজ আহমেদ সুজন দুই শিক্ষার্থীর এ অর্জনে আনন্দ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
সংশ্লিষ্টদের তথ্যমতে, এ পর্যন্ত রংপুরের মোট চারজন শিক্ষার্থী
হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জন রংপুরের শিক্ষাঙ্গন ও শিশুদের সৃজনশীল চর্চার জন্য নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের।