সাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ নারী উদ্যোক্তার | Daily Chandni Bazar সাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ নারী উদ্যোক্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬ ০০:৪৫
সাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
খবর বিজ্ঞপ্তিঃ

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ নারী উদ্যোক্তার

 প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ এনে সাবেক স্বামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শামসুল ওয়াদুদ খন্দকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও গার্মেন্টস ব্যবসায়ী হেনা জামান। নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) বগুড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেনা জামান এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ‘নিউ বিডি নিট গার্মেন্টস লিমিটেড’-এর ৫০ শতাংশ শেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘মেসার্স জামান ফ্যাশন ওয়্যার’-এর শতভাগ মালিক তিনি। ২০০৭ সাল থেকে গার্মেন্টস খাতে কাজ করার পর ২০১৬ সালে মাত্র চারটি মেশিন নিয়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন। পরে ২০২৩ সালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মো. শামসুল ওয়াদুদ খন্দকারকে বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠানে যুক্ত করেন।

হেনা জামানের অভিযোগ, সে সময় তিনি একক মা ছিলেন। এ সুযোগে শামসুল ওয়াদুদ তাঁকে বিয়ের প্রস্তাব দেন। ২০২৪ সালের ২ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসার চলাকালে ব্যবসার প্রয়োজনে বিভিন্ন অজুহাতে শামসুল ওয়াদুদ তাঁর কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেন। এ অর্থের জোগান দিতে তাঁকে প্রতিষ্ঠানের ৫০ শতাংশ শেয়ার বিক্রি করতে হয়। পরে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া শামসুল ওয়াদুদের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত সহকারী বেবী নাজনীন ময়নাসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগও করেন হেনা জামান।

তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতে চলে যাওয়ার পর শামসুল ওয়াদুদ তাঁর বাসা থেকে স্বাক্ষর করা ব্যাংকের চেকবই, বিয়ের কাবিননামা ও গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে বগুড়ায় চলে আসেন। পরে বগুড়ার জলেশ্বরীতলায় ফ্ল্যাট-সংক্রান্ত দুটি স্বাক্ষর করা চেক ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির মাধ্যমে হয়রানি করা হয়।

হেনা জামান জানান, বাধ্য হয়ে তিনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং প্রতারণার অভিযোগে দুটি মামলা করেন। তাঁর দাবি, আশুলিয়া থানা-পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

অভিযোগে তিনি আরও বলেন, অভিযোগপত্র দাখিলের পর ক্ষুব্ধ হয়ে শামসুল ওয়াদুদ, তাঁর সহযোগী বেবী নাজনীন ময়না এবং হেনা জামানের এক ব্যবসায়িক অংশীদারকে সঙ্গে নিয়ে ঢাকা, বগুড়া ও নেত্রকোনায় একের পর এক মামলা করে তাঁকে হয়রানি করছেন। এমনকি ঢাকার আদালতে হাজিরা দিতে গেলে আদালত চত্বরের বাইরে তাঁকে অপহরণ ও হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায়ও একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। পরে অভিযুক্তরা জোরপূর্বক তাঁর গার্মেন্টস প্রতিষ্ঠান দখল করে নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালান বলেও অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে হেনা জামান বলেন, ‘শামসুল ওয়াদুদ আমার ব্যাংক ব্যালেন্স ও সম্পদের সব তথ্য জানেন। বর্তমানে তিনি উত্তরায় থাকা আমার বায়িং হাউস এবং ময়মনসিংহ শহরের একটি জমি দখলের পাঁয়তারা করছেন। তিনি ও তাঁর পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এখন বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদারের নাম ভাঙিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অথচ খোঁজ নিয়ে জেনেছি, তিনি এমপির দেহরক্ষী নন। এটি সম্পূর্ণ মিথ্যা পরিচয়।’

নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান ফিরে পাওয়া এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে হেনা জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্ত শামসুল ওয়াদুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।