৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Daily Chandni Bazar ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ২৩:৫৭
৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করতে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে মোকামতলা খেলার মাঠের পাশে ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সেখানে সারা বছর খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা যাবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা এবং পর্যায়ক্রমে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, শুক্রবার ৫ হাজার মগ ও নিমগাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী রোববার বাকি ৫৭ হাজার মগ ও চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। সব মিলিয়ে ৬২ হাজার মগ ও চারা বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমালোচনা করেন। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।