আলুর ভালো দাম পেলেই পরের মৌসুমে অতিরিক্ত উৎপাদনে ঝুঁকে পড়েন কৃষকরা। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে যায়। শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়তে হয় কৃষকদের। এ পরিস্থিতি এড়াতে বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আলুচাষি ও রপ্তানিকারকেরা অংশ নেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে জিওগ্রাফিক ম্যাপ বা ভৌগোলিক মানচিত্র তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, তা নির্ধারণ করে সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শিবগঞ্জ এলাকার কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ উপজেলা কৃষিতে উদ্বৃত্ত। এখানে দেশ ও বিদেশের চাহিদা মেটানোর পরও প্রায় ছয় হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে।
তিনি বলেন, চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ।