রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মডেল টেস্টে অকৃতকার্য হওয়ায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। এতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে অনেক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
অভিভাবকদের আশঙ্কা, ফরম পূরণের সুযোগ না পেলে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়তে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে শ্রমজীবী হয়ে উঠতে পারে। মেয়েশিক্ষার্থীদের বাল্যবিবাহের ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা তাঁদের। শিক্ষানুরাগীদের মতে, শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার দায় শুধু তাদের একার নয়; পাঠদানের মান ও শিক্ষকদের দায়িত্বও খতিয়ে দেখা প্রয়োজন।
জানা গেছে, উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মডেল টেস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন, পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের ফরম পূরণের ব্যবস্থা করতে বলেছেন।
গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি নীতিমালা আছে, মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হলে কোনো শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবে না। আমরা সরকারি নির্দেশনা অমান্য করতে পারি না।’
পাকুড়িয়া শরীফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফরম পূরণ করতে দেব না।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বড়বিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ২৫ জন মডেল টেস্টে ফেল করেছে। যারা ফেল করেছে, তাদের কীভাবে ফরম পূরণ করতে দিই?’
বেতগাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল বারী বলেন, ‘মডেল টেস্টে ফেল করে, তাদের কীভাবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করাই? আমাদের নির্দেশনা আছে। ওয়েবসাইটে ঢুকে দেখেন, ফরম পূরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
অভিভাবক বাবলু মিয়া বলেন, ‘সারা বছর সন্তান বিদ্যালয়ে পড়াশোনা করেছে। মডেল টেস্টে খারাপ ফল করলেই যদি এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা যাবে কোথায়? বিদ্যালয়ের উচিত তাদের দুর্বলতা চিহ্নিত করে পরীক্ষার প্রস্তুতির সুযোগ দেওয়া।’
অভিভাবক সাবিনা ইয়াসমিন বলেন, ‘একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই শিক্ষার্থীর সব যোগ্যতা শেষ হয়ে যাওয়া নয়। প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হোক, অতিরিক্ত ক্লাস করানো হোক। কিন্তু ফরম পূরণ বন্ধ করে শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই কাম্য নয়।’
শিক্ষানুরাগী ফরিদুল ইসলাম বলেন, ‘যদি এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়া হয়, তাহলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মডেল টেস্টে ফেল করা মেয়েশিক্ষার্থীদের অনেকের বাবা-মা হয়তো পড়াশোনা বন্ধ করে বিয়ে দিয়ে দেবেন। আর ছেলেশিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে শ্রমিক হিসেবে কাজ শুরু করতে পারে। এতে তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি বাল্যবিবাহের ঝুঁকিও বাড়বে।’
আরেক শিক্ষানুরাগী ও সাংবাদিক মাহফুজার রহমান মাহফুজ বলেন, ‘শিক্ষার্থীরা সারা বছর বিদ্যালয়ে শিক্ষকদের কাছেই পড়াশোনা করে। এরপরও যদি অনেক শিক্ষার্থী মডেল টেস্টে অকৃতকার্য হয়, তাহলে এর দায় কি শুধু শিক্ষার্থীদের? শিক্ষকদের পাঠদানের ঘাটতি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিয়মিত মূল্যায়নের বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষার্থীদের দুর্বলতা দূর করার দায়িত্ব শিক্ষকদেরও রয়েছে। নিজেদের দায়িত্ব ও ঘাটতির বিষয়টি বিবেচনা না করে শুধু শিক্ষার্থীদের ফরম পূরণ বন্ধ করে দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত নয়।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেফালী রানী রায় বলেন, ‘আমার কাছেও শিক্ষার্থীরা অভিযোগ জানাতে এসেছিল। আমি শিক্ষকদের ফরম পূরণ করানোর জন্য বলেছি। তবে এ দায় তো অবশ্যই শিক্ষকরা এড়াতে পারেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণসংক্রান্ত ১৯ অক্টোবরের বিজ্ঞপ্তির ১৩ নম্বর ধারায় বলা হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বাদে অন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। তবে ওই ধারায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হলেই ফরম পূরণের সুযোগ দেওয়া যাবে না—এমন কোনো নির্দেশনার উল্লেখ নেই।