অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ার শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে শর্তসাপেক্ষে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত ও বগুড়া সদর) মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ ফুড অ্যাডিটিভস, রং ও ফ্লেভার ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। জব্দ করা কিছু অনুমোদনহীন কেমিক্যালের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব উপকরণ ব্যবহার করেই গত ছয় বছর ধরে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, প্রক্রিয়াকরণ ও মোড়কজাত করার চিত্রও দেখতে পান আদালত।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটির ওপর কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণের পর পরিদর্শকের মাধ্যমে কারখানা পরিদর্শন ও সংশোধনসংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেলেই কেবল প্রতিষ্ঠানটি পুনরায় চালুর সুযোগ পাবে।