আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম | Daily Chandni Bazar আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৪১
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম
জালাল উদ্দিন, রংপুর ঃ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে তা করবে।শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত ছিল, যা আজ জাতির কাছে প্রমাণিত। নতুন করে বিষয়টি ভাবার সময় এসেছে। পতিত, পরাজিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।তিনি বলেন, দেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদেরও জবাব দেওয়া হবে। দীর্ঘ আন্দোলনের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারও তাবেদারি করবে না। দেশের জনগণ ও স্বাধীনতার পক্ষে থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।গোপালগঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক, পতিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, খুন ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না সরকার। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে।তিনি আরও বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের থানা, সরকারি অফিস-আদালত বা উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে সরকার তা করবে না। জনগণের চাহিদার ওপরই এসব নির্ভর করবে। আওয়ামী লীগ গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাযজ্ঞ ও গুমের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না এবং কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগও নেই। ব্যানার-পোস্টারে কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা ঘোষণা করা হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে নতুন কর্মসূচি নেওয়া হলে তা অনুমোদন করা হবে।তিনি বলেন, রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫০০ কোটি টাকা। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষ যাতে বেশি উপকৃত হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত স্থানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হচ্ছে।অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।