বগুড়ার পীস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা নিয়ে বিরোধের জেরে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠাকালীন পরিচালক মো. শাহাদত হোসেন। তাঁর অভিযোগ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে পদত্যাগপত্রের পাশাপাশি তিনটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিবাদীরা।
গত ১৬ নভেম্বর বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি (নম্বর ২৯০৬/২০২৬) দায়ের করেন শাহাদত হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই), বগুড়া।
মামলায় বিবাদী করা হয়েছে পীস স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. শাহীন আলম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ফজলুল হক এবং শহর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনকে।
মামলার আরজিতে শাহাদত হোসেন উল্লেখ করেন, বাদী, বিবাদীসহ কয়েকজনের উদ্যোগ ও অর্থায়নে বগুড়া মহানগরের জামিলনগর এলাকার জানে সাবা হাউজিং কমপ্লেক্সে পীস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। আগের সরকারের সময়ে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পর ২০২৪ সালের জুলাইয়ের পর আবার চালু হয়। এরপর বিবাদীরা যোগসাজশে তাঁকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ করেন তিনি।
আরজিতে আরও বলা হয়, চলতি বছরের ১২ অক্টোবর স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও বিনিয়োগকারীদের কয়েকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় জেলা জামায়াতের আমিরের কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
শাহাদত হোসেনের অভিযোগ, ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে শহরের কলোনি এলাকায় শেখ ফরিদ এতিমখানাসংলগ্ন জেলা জামায়াত কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগসংক্রান্ত রেজুলেশন বইয়ে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে তিনটি ৩০০ টাকা মূল্যের ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পেও সই করিয়ে নেওয়া হয়। এসব স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে জাল দলিল তৈরির আশঙ্কা করছেন তিনি। এ ছাড়া তাঁকে স্কুলের কার্যক্রমে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও করেছেন।
এ বিষয়ে জেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা আব্দুল হক ও মহানগর জামায়াতের আমির অধ্যাপক আসম আব্দুল মালেক বলেন, বাদী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন এবং বিবাদীরা জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উভয় পক্ষের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল এবং বাদী আপসও করেছিলেন। পরে কেন আবার মামলা করেছেন, তা তাঁরা জানেন না। তবে জেলা জামায়াত কার্যালয়ে মারধর বা প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তাঁরা।
অভিযোগ অস্বীকার করে শাহীন আলম ও ফজলুল হক বলেন, শাহাদত হোসেন স্বেচ্ছায় পাওনা বুঝে নিয়ে পরিচালকের পদ ছেড়েছেন। তাঁকে জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়নি। তাঁদের দাবি, স্কুলের ক্ষতি করার উদ্দেশ্যে তিনি মিথ্যা মামলা করেছেন।
শাহাদত হোসেন বলেন, জেলা জামায়াত কার্যালয়ে বিচারের নামে বৈঠকে জেলা আমির আব্দুল হক ও প্রচার সম্পাদক নুর মুহাম্মদ আবু তাহেরের উপস্থিতিতে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে পরিচালক পদ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর করানো হয়। প্রাণভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। পরে বিষয়টি বগুড়া সদর থানায় জানান এবং আদালতে মামলা করেন।