বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ৮ দিনেও গ্রেপ্তার নেই, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম | Daily Chandni Bazar বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ৮ দিনেও গ্রেপ্তার নেই, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০০:৫৯
বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ৮ দিনেও গ্রেপ্তার নেই, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ৮ দিনেও গ্রেপ্তার নেই, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

 দিনাজপুরের বীরগঞ্জে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত পরিমল রায়কে (৪২) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় আখ ও কুশি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত পরিমল রায় তাকে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সময় শিশুটি বাড়িতে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে বন্ধ ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তিনি। পরে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির শারীরিক অসুস্থতা বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে শিশুটির বাবা-মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির বাবা রিপন রায় বাদী হয়ে একই এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে পরিমল রায়ের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি ১৯(১১)২৬ নম্বরে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। এ অবস্থায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিমল রায়কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কোনোভাবেই এমন অপরাধকে ছাড় দেওয়া যায় না।

অন্যদিকে, ২৮ নভেম্বর থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিমল রায় পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

শিশুটির ওপর এমন গুরুতর অপরাধের অভিযোগ এবং মামলা দায়েরের আট দিন পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।