ভিক্ষা করে মামলা চালিয়ে ৩৬ বছর পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন | Daily Chandni Bazar ভিক্ষা করে মামলা চালিয়ে ৩৬ বছর পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:০৪
ভিক্ষা করে মামলা চালিয়ে ৩৬ বছর পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন
নিজস্ব প্রতিবেদক

ভিক্ষা করে মামলা চালিয়ে ৩৬ বছর পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেলেন পাঁচ ভাই-বোন

ভিক্ষা করে মামলা চালিয়ে দীর্ঘ ৩৬ বছর পর মায়ের রেখে যাওয়া সাড়ে চার একর পৈত্রিক সম্পত্তির দখল ফিরে পেয়েছেন কুলসুম বেগমসহ পাঁচ ভাই-বোন। আদালতের নির্দেশে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে গত ২৪ নভেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাঁদের জমি বুঝিয়ে দেয় প্রশাসন।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আদালতের নাজির, সার্ভেয়ার, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বুলডোজার দিয়ে জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পাঁচ উত্তরাধিকারীকে দখল বুঝিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে তাঁদের মায়ের নামে থাকা সম্পত্তি দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, জাল দলিল তৈরি করে নুলু, আকবর, নাজির হোসেন ও আলা বকোশ গং ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। এমনকি কুলসুম বেগমের বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের মরদেহ নিজেদের জমিতে দাফন করতেও বাধা দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

পরিবারের সদস্যদের ভাষ্য, জমির অধিকার ফিরে পেতে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহের পাশাপাশি মামলা চালানোর খরচ জোগাড় করেছেন। একপর্যায়ে কোনো সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন। বাটোয়ারা মামলা দায়েরের মাধ্যমে নিজেদের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার আইনি লড়াই চালিয়ে যান তাঁরা।

আদালতের নথি সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া শেষে আদালতের জারিকৃত দখল-পরওয়ানা অনুযায়ী জমির দখল হস্তান্তরের কার্যক্রম পরিচালিত হয়। মিঠাপুকুরের সিনিয়র সহকারী জজ আদালতের স্মারক নম্বর ৬১/২০২৫ এবং অন্য ডিং-০৩/৯৪ ডিক্রিকৃত মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

জমির দখল ফিরে পেয়ে কুলসুম বেগম বলেন, ‘একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না। অন্যের বাড়িতে ভিক্ষা করে দিন-রাত কাটাতে হতো আমাদের। মায়ের জমি ফিরে পেয়ে আমরা খুশি। প্রভাবশালীরা বলেছিল, আমরা কোনো দিন এই জমিতে যেতে পারব না। সরকার আমাদের সঠিক বিচার করেছে। আমাদের মতো এমন যেন আর কারও না হয়। ক্ষমতার দাপটে অন্যের জমি দখল করে কেউ যেন ঘরবাড়ি নির্মাণ করতে না পারে।’

তিনি আরও বলেন, জমির দখল বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। দখলদার ব্যক্তিরা যেন তাঁদের কোনো ক্ষতি করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দখল-পরওয়ানা বাস্তবায়ন করতে তাঁরা সেখানে গেছেন। সব প্রস্তুতি শেষে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করাই তাঁদের লক্ষ্য; এ আদেশ অমান্য করার সুযোগ নেই।

ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আদালতের আদেশ সবাইকে মানতে হবে। আদালতের বাইরে যাওয়ার সুযোগ কারও নেই। তিনিও চান, ভুক্তভোগীরা তাঁদের ন্যায্য অধিকার ফিরে পান।

দীর্ঘ ৩৬ বছরের আইনি লড়াই শেষে মায়ের রেখে যাওয়া সম্পত্তির দখল বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পাঁচ ভাই-বোন। তবে ভবিষ্যতে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। জমির দখল ফিরে পাওয়ার পরও যেন কোনো ধরনের হয়রানি বা ক্ষতির শিকার হতে না হয়, সে জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।