বগুড়ায় ১৫টি কলাগাছ রোপণ করে কবরস্থান দখলের অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় ১৫টি কলাগাছ রোপণ করে কবরস্থান দখলের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:২৪
বগুড়ায় ১৫টি কলাগাছ রোপণ করে কবরস্থান দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ১৫টি কলাগাছ রোপণ করে কবরস্থান দখলের অভিযোগ

বগুড়ার ধুনটে কবরস্থানের জমি নিজেদের দাবি করে কবর খুঁড়ে ১৫টি কলাগাছ রোপণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে স্বজনদের দাফন করা পরিবারগুলো। কবরস্থানের জমি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি।

উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের কান্তনগর জান্নাতুল মাওয়া কবরস্থানে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত জহুরুল ইসলাম একই গ্রামের মুজাম প্রামাণিকের ছেলে। অভিযোগ অনুযায়ী, গত ২২ নভেম্বর সকালে তিনি ও তাঁর লোকজন কবরস্থানের মাটি খুঁড়ে সেখানে ১৫টি কলাগাছ রোপণ করেন।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে দান-দক্ষিণা ও অর্থ সংগ্রহ করে ১৮ শতক জমি কেনেন। ওই জমিতে গড়ে তোলা হয় কান্তনগর জান্নাতুল মাওয়া কবরস্থান। প্রতিষ্ঠার পর থেকে গ্রামের বিভিন্ন পরিবারের মৃত ব্যক্তিদের সেখানে দাফন করা হচ্ছে। গত প্রায় ১৩ বছরে কবরস্থানটিতে ৬০ থেকে ৭০ জনকে সমাহিত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর জহুরুল ইসলাম ও তাঁর লোকজন কবরস্থানের জমি নিজেদের বলে দাবি করে মাটি খুঁড়ে ১৫টি কলাগাছ রোপণ করেন। এতে সেখানে স্বজনদের দাফন করা পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

কবরস্থানের খাদেম আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি সেখানে কবর খোঁড়ার কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৩০টি কবর খুঁড়েছেন। তাঁর বাবাসহ অনেক স্বজনের কবরও ওই কবরস্থানে রয়েছে। এত বছর পর হঠাৎ করে কবরস্থানের জমি দখলের চেষ্টা করায় মৃত ব্যক্তিদের দাফন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি কবর থেকে মরদেহ তুলে নেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কবর খুঁড়ে কলাগাছ রোপণের ঘটনায় তিনি কষ্ট পেয়েছেন।

তবে অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, তিনি নিজের জমিতেই কলাগাছ রোপণ করেছেন। প্রতিপক্ষ জোর করে তাঁদের জমিতে কবরস্থান গড়ে তুলেছে।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানার ওসির কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।