রাশিয়ার হামলায় ইউক্রেনের অর্ধশত স্থাপনা ক্ষতিগ্রস্ত
জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৫৩টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর এবং স্মৃৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটেছে ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ এবং খারকিভে। এছাড়া অন্যতম প্রাচীন নগরী চেরনিহিভেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউনেস্কো বলছে, তারা স্যাটেলাইটের ছবি এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতি যাচাই করছে।
রাশিয়ার বেলগোরদে জ্বালানি ডিপোতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইউক্রেন। যদি এ ঘটনা সত্য হয় তাহলে ইউক্রেনের আগ্রাসনের পর এটাই হবে রাশিয়ার মাটিতে দেশটির প্রথম হামলা।
ইউক্রেন আরও বলছে যে, এটি মিস্কোর উদাসীনতার কারণেই হতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাশিয়ার এক গভর্নর জানান, পূর্বাঞ্চলের শহর বেলগোরদে একটি জ্বালানি ডিপোতে দুইটি হেলিকপ্টারের মাধ্যমে বোমাবর্ষণ করে ইউক্রেনের সেনাবাহিনী। হামলার জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ টেলিভিশনে দেওয়া বক্তব্যে হামলার দায় অস্বীকার করেছেন। তিনি বলেন, কিছু কারণে, তারা বলছে যে আমরা এটি করেছি, কিন্তু এটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
