প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৪৯

তারেক রহমান ঢাকা-১৭ রাখায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
তারেক রহমান ঢাকা-১৭ রাখায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

বাংলাদেশ নির্বাচন কমিশন বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট প্রকাশিত হয়।

গেজেটে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একটি আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করতে ইচ্ছা প্রকাশ করে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র জমা দেন।

ঘোষণাপত্র দাখিলের পর নির্বাচন কমিশন জানায়, একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য হিসেবে গণ্য হবে। সংবিধান অনুযায়ী একাধিক আসন থেকে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একজন প্রার্থীকে একটি আসন বেছে নিতে হয়। নির্বাচিত সেই আসন বহাল থাকে এবং অন্যটি শূন্য ঘোষণা করা হয়।

প্রকাশিত গেজেটে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

এতে বগুড়া-৬ আসনে উপনির্বাচনের পথ তৈরি হয়েছে। তবে উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী উপনির্বাচনের সময়সূচি প্রকাশ করা হবে।

আসনটি শূন্য হওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও দলীয় পর্যায়ে আগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে ঢাকা-১৭ আসনে প্রতিনিধিত্ব চূড়ান্ত হওয়ায় তারেক রহমান ওই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপরে