প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ ০১:৪১

যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকছেন প্রধানমন্ত্রী

নিজ বাসভবনে থাকার সিদ্ধান্ত তারেক রহমান-এর
নিজস্ব প্রতিবেদক
যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে না উঠে রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসভবনেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং দেশে ফেরার পর সেখানেই বসবাস করছেন।

রুমন বলেন, গুলশানের বাসাটি ছোট হলেও তা প্রধানমন্ত্রী নিজের মতো করে সাজিয়েছেন, ফলে সেখানে থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ কারণে আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে ওঠার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তারেক রহমান। এরপর থেকেই তিনি সেখানে বসবাস করছেন। একই এলাকায় ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকতেন তার মা খালেদা জিয়া।

উল্লেখ্য, ১৯৬ নম্বর বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার-এর মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। সম্প্রতি বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, সংস্কার শেষে যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটি প্রস্তুতও করা হয়।

তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা যমুনা-তেই অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ১০টায় কূটনীতিক, শিক্ষাবিদ ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও সেখানেই করবেন তিনি।

উল্লেখ্য, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান, লতিফুর রহমান এবং ফখরুদ্দীন আহমেদ দায়িত্ব পালনকালে এ ভবনে অবস্থান করেছিলেন।

উপরে