প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ ০২:১০

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল: মাঠে থাকবেন ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল: মাঠে থাকবেন ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বগুড়া, ১ এপ্রিল: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিনের জন্য এসব ম্যাজিস্ট্রেট বগুড়া ও শেরপুর জেলার নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের চার দিন আগে থেকে দুই দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

এর আগে ৪ মার্চ থেকে প্রতিটি উপজেলা বা নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নতুন করে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিজিবির সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাস্তব পরিস্থিতি বিবেচনায় রিটার্নিং কর্মকর্তা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রয়োজন অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও ফোর্সের সংখ্যা সমন্বয় করতে পারবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হলে সেখানে উপনির্বাচনের আয়োজন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে একই সঙ্গে দুটি আসনে নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান, বিএনপির রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আলিম তালুকদার।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের পূর্ব নির্ধারিত নির্বাচন এক প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছিল। নতুন তফসিল অনুযায়ী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, বিএনপির মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মিজানুর রহমান।

উপরে