ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ। উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার দেখা করেছেন ।
সচিবালয়ে বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কক্ষে এই সাক্ষাৎ হয়েছে বলে তার উপ প্রেসসচিব হাসান শিপলু জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার দেখা করেন সকালে। সে সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
হাসান শিপলু বলেন, “ইউএনডিপির দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে।”
প্রধানমন্ত্রীর সদর দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে সাক্ষাতে। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের নেওয়া বিভিন্ন উদ্যোগ যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।
ওই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এঙ্টার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হকসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
