‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়’— স্বরাষ্ট্রমন্ত্রী
সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে উত্থাপিত ইসলামী ব্যাংক-সংক্রান্ত একটি নোটিশের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা ও শেয়ার কাঠামো নিয়ে যে বিতর্ক চলছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। বিরোধী দলের পক্ষ থেকে ব্যাংকটির মালিকানা ন্যায্যতার পথে ফিরিয়ে আনার যে দাবি জানানো হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। বিরোধীদলীয় নেতার বক্তব্য অনুযায়ী, এসব শেয়ার ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে ইবনে সিনার শেয়ার লেনদেনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্লক মার্কেটে কয়েকটি শেয়ার তিন গুণ দামে বিক্রির ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে নানা তথ্য ও দাবি সামনে এলেও এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা জরুরি। এজন্য তিনি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানান।
তিনি বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার কিনেছেন, সেটি একটি পৃথক বিষয় এবং প্রয়োজনে তা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্ত বা মামলার বিষয় হতে পারে। তবে একটি পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো আলাদা বিষয়, যা স্বতন্ত্রভাবে পর্যালোচনা করা যেতে পারে।
বক্তব্যের একপর্যায়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামের ওপর হাত দেবেন না”— এ ধরনের বক্তব্য ব্যবহার করে কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এ প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”
স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের পর সংসদে আলোচনা সৃষ্টি হয়। এদিকে ইসলামী ব্যাংকের মালিকানা, শেয়ারহোল্ডিং কাঠামো এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি বিভিন্ন মহল থেকে অব্যাহত রয়েছে।
