প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ০২:৩৫

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

চাঁদনী ডিজিটাল ডেস্কঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের কেমব্রিজ থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন—এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সমর্থিত একটি অংশ ধারাবাহিকভাবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির চেষ্টা করছে। সর্বশেষ তাদের বিরুদ্ধে ‘ভুয়া অভিযোগ’ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় অপচয় করা হচ্ছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোদ্ধাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে প্রতিবারই তা ব্যর্থ হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে আওয়ামী লীগপন্থী পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপরে