শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সদ্য সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিদেশি কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মূল ভবনসহ পুরো বঙ্গভবন এলাকা নতুন সাজে সাজানো হয়।
নিরাপত্তার স্বার্থে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করেন। আমন্ত্রিত অতিথিদের নির্দিষ্ট পাস ও কয়েক দফা গাড়ি তল্লাশির পর বঙ্গভবনে প্রবেশ করতে দেওয়া হয়।
