প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতা সাজু’র ইন্তেকাল, আজ বাদ জুম’আ জানাজা
নিজস্ব প্রতিবেদক
বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদার-এর নাতি জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শফিকুল ইসলাম সাজু মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম’আ শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বগুড়া নামাজগড় আঞ্জুমান গোরস্থানে দাফন করা হবে। শফিকুল ইসলাম সাজু প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। মরহুম শফিকুল ইসলাম সাজুর জেষ্ঠ্যপুত্র জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনি তাঁর বাবার জন্য সবার কাছে দোওয়া চেয়েছেন।
শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোশারফ হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।
এদিকে শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
