প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬ ০০:৪৩

জ্বালানি তেল বিক্রিতে কমিশন ৯ শতাংশ করার দাবি পাম্প মালিকদের

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
জ্বালানি তেল বিক্রিতে কমিশন ৯ শতাংশ করার দাবি পাম্প মালিকদের

 জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ কার্যক্রম পরিচালনার ব্যয় বিবেচনায় কমিশনের হার বাড়িয়ে ৯ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার (২৮ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল কবির কাবুলের সই করা একটি চিঠি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। এতে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে।

চিঠিতে সংগঠনটি জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, ব্যাংকঋণের সুদের হার এবং শ্রমিকদের মজুরি ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে পেট্রোল পাম্প ব্যবসা সংকটের মুখে পড়েছে। অতীতে কমিশন ৭ শতাংশ করার দাবি জানানো হলেও বর্তমান বাজার ও ব্যয় কাঠামোয় ওই হারে ব্যবসা পরিচালনা সম্ভব নয় বলে মনে করছে সংগঠনটি।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২০ সেপ্টেম্বরের গেজেট অনুসারে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হলেও ডিলার ও এজেন্টদের কমিশন তুলনামূলকভাবে কম। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রিতে ৩ টাকা ৭১ পয়সা (প্রায় ২ দশমিক ৭৫ শতাংশ), কেরোসিনে ৩ টাকা ২ পয়সা (প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ), অকটেনে ৬ টাকা ৭২ পয়সা (প্রায় ৪ দশমিক ০৭ শতাংশ) এবং পেট্রোলে ৬ টাকা ৬১ পয়সা (প্রায় ৪ দশমিক ১৩ শতাংশ) কমিশন নির্ধারিত রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অধিকাংশ পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে ২ হাজার থেকে ৪ হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হয়। গড়ে ৩ হাজার লিটার বিক্রির হিসাবে একটি পাম্পের দৈনিক কমিশন আয় প্রায় ১৪ হাজার ৯৫ টাকা এবং মাসে প্রায় ৪ লাখ ২২ হাজার ৮৫০ টাকা।

তবে এই আয় থেকে পাম্প পরিচালনার বিভিন্ন ব্যয় বহন করতে হয়। এর মধ্যে রয়েছে লাইসেন্স ও নবায়ন ফি, বিদ্যুৎ ও জেনারেটর খরচ, ডিসপেনসার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যয় এবং কর্মীদের বেতন-ভাতা। এসব ব্যয় মেটানোর পর পাম্প মালিকদের আর্থিক সংকটে পড়তে হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

চিঠিতে উল্লেখ করা হয়, আগে দুটি লাইসেন্সের পরিবর্তে বর্তমানে অনেক পাম্পকে ১০টি পৃথক দপ্তরের লাইসেন্স ও নবায়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। পাশাপাশি কর্মীদের বর্ধিত মজুরি, ব্যাংকঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে।

সংগঠনটির আশঙ্কা, ন্যায্য কমিশন নিশ্চিত না হলে পাম্প পরিচালনার ঝুঁকি বাড়বে। এতে পাম্প টিকিয়ে রাখা, কর্মীদের নিয়মিত বেতন দেওয়া এবং ব্যাংকের দায় পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের জন্য বাস্তবসম্মত কমিশন নির্ধারণ জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে কমিশন পুনর্নির্ধারণের ক্ষেত্রে বর্তমান বাজার ও ব্যয় কাঠামো, পাম্পের প্রকৃত বিক্রির পরিমাণ এবং পরিচালন ব্যয় বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ন্যায্য কমিশন নিশ্চিত করে ব্যবসায়িক ঝুঁকি কমানো এবং আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়েছে।

চিঠির শেষাংশে সংগঠনটি বর্তমান বাজার পরিস্থিতি, ২০২৬ সালের বর্ধিত মজুরি কাঠামো, ব্যাংকঋণের সুদ, লাইসেন্স ব্যয় ও জ্বালানি বিক্রির বাস্তবতা বিবেচনায় নিয়ে কমিশন ৯ শতাংশে পুনর্নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিপিসির চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত আলোচনার জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছে।

চিঠির অনুলিপি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উপরে