প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৬:৪৪

আইফোনে নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
আইফোনে নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান

স্পাইওয়্যার মূলত একধরনের ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে পারে। আর তাই স্মার্টফোনে আড়ি পাততে সক্ষম অ্যাপ বা স্পাইওয়্যারের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এবার আইফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম ‘করুনা’ নামের নতুন স্পাইওয়্যারের সন্ধান পেয়েছে গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ।
গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের গবেষকদের তথ্য অনুযায়ী, স্পাইওয়্যারটি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রকাশিত আইওএস সংস্করণে চলা আইফোনে হামলা চালাতে পারে। এ হামলার মাধ্যমে ব্যবহারকারীর অজান্তেই দূর থেকে আইফোনে থাকা তথ্য জানতে পারে সাইবার অপরাধীরা। আর তাই দ্রুত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন হালনাগাদ করতে হবে।
নতুন স্পাইওয়্যারটি মূলত অনলাইনে থাকা ক্ষতিকর লিংকে ক্লিক করার মাধ্যমে আইফোনে প্রবেশ করে। এরপর গোপনে আইফোনে আদান-প্রদান করা বার্তা, ছবি, আর্থিক তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করে দূরে থাকা সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। ফলে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে স্পাইওয়্যারটি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্পাইওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে পুরোনো আইওএসে চলা আইফোন অতিদ্রুত হালনাগাদ করতে হবে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করার পাশাপাশি সন্দেহজনক বা অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।
সূত্র : ডেইলি মেইল

 

উপরে